যশোরে এসআরবি’র অভিযান, ৫০ বোতল উইনকেরিক্সসহ আটক শার্শার আলমগীর

যশোরে বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল নিষিদ্ধ উইনকেরিক্স সিরাপসহ মো. আলমগীর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা।

রোববার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে যশোর-নড়াইল সড়কের কোতোয়ালি মডেল থানাধীন হামিদপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক আলমগীর শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামের মো. ইবাদ আলীর ছেলে।

এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা থেকে মাদকের একটি বড় চালান ব্যাটারিচালিত অটোভ্যানে করে যশোর শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল হামিদপুর বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি অটোভ্যানকে থামার সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করেন। পরে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০ বোতল উইনকেরিক্স সিরাপ উদ্ধার করা হয়।

অভিযানে মাদকসহ আলমগীরকে আটকের পর উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের বিষয়ে কোম্পানি কমান্ডার সিপিসি-৩ যশোরের স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত আসামি গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button