শাহ আমানত বিমানবন্দরে ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা প্রসাধনীর মোট ওজন ৪০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।

শনিবার (৭ নভেম্বর) সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে এই অভিযান পরিচালনা করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে চট্টগ্রামগামী ‘বিজি-১৪৮’ ফ্লাইটে আসেন মোহাম্মদ জাহেদ নামের এক যাত্রী। পরে তাঁর ব্যাগ স্ক্যান ও তল্লাশি করে ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ ‘ফ্রেশ অ্যান্ড হোয়াইট’ বিউটি ক্রিম উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, এই ধরনের প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের স্পষ্ট লঙ্ঘন। জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় ক্ষতিকর বিদেশি প্রসাধনসামগ্রীর অবৈধ প্রবেশ ও বাজারজাতকরণ রোধে বিমানবন্দরে নজরদারি আরও জোরদার করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা বিভাগ।

Related Articles

Back to top button