প্রবৃদ্ধি কমে যাওয়ায় ক্যানভায় বড় পরিবর্তন

প্রবৃদ্ধির গতি মন্থর হয়ে পড়ায় কর্মী ও সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে জনপ্রিয় গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা। অস্ট্রেলিয়াভিত্তিক এই প্রযুক্তিপ্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ২২ শতাংশ বা ১ হাজার ২৭১টি পদ এই পুনর্গঠনের আওতায় আসছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকের মধ্যে এই প্রথম ক্যানভার প্রবৃদ্ধির গতি কমেছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সহজ ও কার্যকর করতে জনবল ব্যবস্থাপনায় বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। তবে ১ হাজার ২৭১টি পদের সবগুলোতেই কর্মী ছাঁটাই করা হচ্ছে না; এর মধ্যে চাকরি হারানোর পাশাপাশি দায়িত্ব পরিবর্তন ও অন্য স্থানে স্থানান্তরের বিষয়ও যুক্ত রয়েছে।

প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেলানি পারকিনস জানান, নতুন কাঠামোর অংশ হিসেবে পণ্য উন্নয়ন, প্রবৃদ্ধি এবং প্রযুক্তি প্ল্যাটফর্ম-সংশ্লিষ্ট দলগুলোকে একীভূত করে একটি একক পণ্য বিভাগ গঠন করা হবে। এছাড়া সিদ্ধান্ত গ্রহণ ও জবাবদিহি বাড়াতে ব্যবস্থাপনার স্তর কমানো এবং দায়িত্ব পুনর্বিন্যাস করা হচ্ছে।

অফিস সংস্কৃতি ও কাজের ধরনেও আসছে পরিবর্তন। পণ্য উন্নয়ন দলের প্রধান কর্মস্থল হিসেবে সিডনিকে বেশি গুরুত্ব দেওয়ায় কিছু কর্মীকে সেখানে স্থানান্তরিত হতে বলা হয়েছে। পাশাপাশি আগামী জানুয়ারি থেকে হাইব্রিড পদ্ধতিতে কাজ করা অধিকাংশ কর্মীকে সপ্তাহে দুই থেকে তিন দিন বাধ্যতামূলকভাবে অফিসে উপস্থিত থাকতে হবে। আর পুনর্গঠনের কারণে যাদের চাকরি হারাতে হবে, তাদের ভবিষ্যৎ উদ্যোগের জন্য ১০ হাজার ডলার করে অনুদান দেওয়ার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশ ও ব্যবসায়িক চাহিদার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রাখতে ইদানীং বিশ্বজুড়ে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান কর্মী ও কাঠামোয় এমন বড় পরিবর্তন আনছে। এর আগে গত মার্চে সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যাটলাসিয়ান এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে ওয়াইজটেক গ্লোবালও বড় ধরনের কর্মী কমানোর ঘোষণা দিয়েছিল।

Related Articles

Back to top button