ক্রীড়ার প্রসারে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে: মীর হেলাল


তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, সুস্থ দেহ ও মনের বিকাশ এবং সামাজিক সম্প্রীতি বাড়াতে খেলাধুলার প্রসারে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে ‘এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ক্রীড়ার প্রতি অত্যন্ত আন্তরিক। সরকারের পাশাপাশি সামাজিকভাবেও খেলাধুলার প্রসারে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাগত কাজের বাইরে গিয়ে খেলাধুলার এমন আয়োজন তরুণদের মাদকমুক্ত রাখতে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালামের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ ও বিসিবি পরিচালকরা।
এবারের টুর্নামেন্টে দেশের শীর্ষস্থানীয় ২৪টি করপোরেট প্রতিষ্ঠান অংশ নেয়। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে ক্লিফটন গ্রুপকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় স্বাগতিক এশিয়ান গ্রুপ। দলের পক্ষে জোড়া গোল করে ফাইনালের সেরা খেলোয়াড় হন তুষার। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রতিমন্ত্রী।




