গুরুদাসপুরে দাওয়াতুল কুরআন মডেল একাডেমির নূরানী শিক্ষা ও প্রদর্শনী অনুষ্ঠিত


আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুরের পিপলায় নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক পরিচালিত দাওয়াতুল কুরআন মডেল একাডেমির উদ্যোগে নূরানী শিক্ষা ও প্রদর্শনী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টায় অত্র প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মিরপুর সাইন্স কলেজ, ঢাকার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন (রিপন), ঢাকা শাখার মুহতামিম মাওলানা মুফতি জাফর আহমাদ এবং দাওয়াতুল কুরআন মডেল একাডেমির মুহতামিম মাওলানা মুফতি মোঃ রাকিব আহমেদ। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত, ইসলামিক সংগীত (গজল), হজ ও উমরাহর নিয়মাবলি, মৃত ব্যক্তির গোসল ও কাফন পরানো, জানাজা ও দাফন, জুমার নামাজ, বিবাহ পড়ানো, ইসলামিক নাটিকা এবং বাংলা ও ইংরেজি কবিতা আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে তাদের শিক্ষাগত দক্ষতা ও বাস্তব জ্ঞান তুলে ধরে। এছাড়া শিক্ষার্থীদের আকর্ষণীয় আরবি, বাংলা ও ইংরেজি হস্তলিপি, সূরা আল-ফাতিহার বাংলা ও ইংরেজি অনুবাদ এবং কালিমাসমূহের বাংলা ও ইংরেজি অনুবাদ প্রদর্শন করা হয়।
শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী উপস্থাপনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান, শুদ্ধ উচ্চারণ, সুন্দর হাতের লেখা এবং সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের শিক্ষা ও প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিকে, প্রতিষ্ঠানটিতে আগামী ১৬ নভেম্বর ২০২৬, সোমবার থেকে নতুন শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিতরণ শুরু হবে। শুধুমাত্র নার্সারি ও প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ফরম বিতরণ করা হবে। আসনসংখ্যা সীমিত হওয়ায় আগ্রহী অভিভাবকদের নির্ধারিত সময়ে যোগাযোগ করার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।




