শার্শায় পুলিশের বিশেষ অভিযান, ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার

রাশেদুল হক রাশেদ, যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শার্শা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শার্শা থানাধীন ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আমতলা মোড় ব্রিজ থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে একটি কাঁচা রাস্তার পাশে জনৈক জামাল হোসেনের ধানক্ষেতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তাদের ফেলে যাওয়া একটি ওয়ান শুটার পিস্তল জব্দ তালিকামূলে উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button