ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২০ মিলিয়ন ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র


ইরানের পারমাণবিক কর্মসূচি, পারমাণবিক স্থাপনা, সরঞ্জাম এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের (বিশেষ করে পরমাণু বিজ্ঞানী) তথ্য সরবরাহকারীকে দুই কোটি (২০ মিলিয়ন) ডলার পর্যন্ত পুরস্কার এবং যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ (সাবেক টুইটার) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) পোস্ট করা এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকম জানায়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ (ন্যায়বিচারের জন্য পুরস্কার) কর্মসূচির আওতায় এই পুরস্কার ও পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। পৃথক এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তাসংক্রান্ত বাধ্যবাধকতাগুলো বাস্তবায়নে তেহরানের ব্যর্থতার কারণে সেন্ট্রিফিউজের উৎপাদন ও মজুত সংক্রান্ত তথ্যের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ১৯৮৪ সালে মার্কিন নাগরিকদের জীবন ও জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যে তথ্য সংগ্রহের জন্য এই ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি চালু করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেন্টকমের এই বিজ্ঞপ্তির দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে সংঘাতের অবসানে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। শুক্রবার রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে এক অনুষ্ঠানে বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক সক্ষমতাকে মার্কিন বাহিনী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং তেহরান এখন সমঝোতার জন্য প্রস্তুত।
এর আগে গত ৩ নভেম্বর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, তাঁর সরকার আলোচনার মাধ্যমেই বিদ্যমান সংকট সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছে।
সূত্র: এএফপি, এনডিটিভি




