সাইকেল নিয়ে বেরিয়ে ফেরা হলো না হাফেজ আয়মানের, লরির ধাক্কায় প্রাণহানি


চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে লরির ধাক্কায় হাফেজ আরহাম হোসাইন আয়মান (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। সে কোরআনের হাফেজ ছিল এবং আগামী রমজানে তারাবির নামাজে তিলাওয়াতের প্রস্তুতি নিচ্ছিল।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নগরের নয়াবাজার বিশ্বরোডের গ্রিন ভিউ আবাসিক এলাকার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আয়মানের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বৃহত্তর মুছাপুর ইউনিয়নের আলী মিয়া বাজারের পূর্ব পাশে ভূঁইয়া হাজীর বাড়িতে। তার বাবা মুহাম্মদ আলমগীর কুয়েতপ্রবাসী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে আয়মান সবার ছোট ছিল। পরিবারটি বর্তমানে নগরের হালিশহর এলাকার এ ব্লকের ৯ নম্বর লেনে বসবাস করত।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, শুক্রবার বিকেলে কাউকে না জানিয়ে বাসা থেকে বাইসাইকেল নিয়ে বের হয়েছিল আয়মান। নয়াবাজার বিশ্বরোডের মোড় থেকে গ্রিন ভিউ আবাসিক এলাকার দিকে যাওয়ার সময় সড়কের মাঝামাঝি স্থানে একটি লরির ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগ থেকে কোরআন মুখস্থ শেষ করে সে বর্তমানে তা পুনরাবৃত্তি (রিভিশন) করছিল। পরিবারের আশা ছিল, আগামী রমজানে মসজিদে তারাবির নামাজ পড়াবে সে। কিন্তু মর্মান্তিক এই দুর্ঘটনায় সেই স্বপ্ন অধরা রয়ে গেল। একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে কুয়েত থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন তার বাবা।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল আবছার জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে লরিটি শনাক্ত এবং চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা না করার কথা জানানো হলেও পুলিশ স্বপ্রণোদিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।




