ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো


রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আগামী ২৬ নভেম্বর শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘দশম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো (আইএফএসএসই) ২০২৬’।
ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি) আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনী চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা এসব তথ্য নিশ্চিত করে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
এবারের আসরে বিশ্বের ২০টিরও বেশি দেশের ১২০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ফায়ার, সেফটি ও সিকিউরিটি খাতের ১৩টির বেশি পণ্য ও সেবা বিভাগে আধুনিক প্রযুক্তি এবং অগ্নিনির্বাপণ সমাধান তুলে ধরা হবে প্রদর্শনীতে। প্রতিদিন গড়ে হাজারো দর্শনার্থীসহ মোট ২০ হাজারের বেশি মানুষের সমাগম হবে বলে আয়োজকদের প্রত্যাশা।
এ ছাড়া প্রদর্শনীর অংশ হিসেবে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে আধুনিক নিরাপত্তা প্রযুক্তি, ঝুঁকি ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মান নিয়ে পাঁচটি বিশেষায়িত সেমিনার অনুষ্ঠিত হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ইএসএসএবির যৌথ উদ্যোগে অগ্নিনির্বাপণ ও উদ্ধারের বাস্তব মহড়াও প্রদর্শিত হবে। সেই সাথে ফায়ার সার্ভিসের জাতীয় জরুরি হটলাইন ১০২ সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবী নিবন্ধনের জন্য বিশেষ বুথ স্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান। ইএসএসএবির প্রেসিডেন্ট স্কোয়াড্রন লিডার এম দিদারুল ইসলাম (অব.) বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের সাথে নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। আধুনিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা গেলে দেশে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।
অনুষ্ঠানে ইএসএসএবির মহাসচিব নাঈম উদ্দিন মাহমুদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শহিদুল ইসলাম খান এবং পরিচালক মো. হাবিবুর রহমান হেলালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। এবারের এক্সপোর কনভেনিংশন স্পনসর হিসেবে রয়েছে আন্তর্জাতিক অগ্নিনিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এনএএফএফসিও’ (NAFFCO)।




