কেন্দুয়ায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড, সাউদপাড়া মোড়, চাউল মহাল, মধ্য বাজার ও সাজিউড়া মোড় প্রদক্ষিণ এবং উপজেলা পরিষদ চত্বর ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূইয়া মজনু এবং পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানের যৌথ নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া-আটপাড়া আসনের বিএনপি সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারগুলোর খোঁজখবর নেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব।
সভায় অন্যান্য বক্তারা ৭ নভেম্বর জাতীয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের এই দিনে এ দেশের সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় অনন্য ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বিএনপি ও এর বিভিন্ন ইউনিয়ন শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




