শ্রমিকের মজুরির প্রশ্নে বিজিবি নামায় যে রাষ্ট্র, সে রাষ্ট্র কার পক্ষে

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দমন-পীড়নের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

রোববার (১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে রাষ্ট্র শ্রমিকের মজুরির প্রশ্নে রাজপথে বিজিবি নামায়, সে রাষ্ট্র আসলে কার পক্ষে দাঁড়ায়, তা স্পষ্ট।”

নাহিদ ইসলাম উল্লেখ করেন, গাজীপুর, মিরপুর, আশুলিয়া ও সাভারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামের মাঝে দিনে ১০-১২ ঘণ্টা পরিশ্রম করা পোশাক শ্রমিকরা একটু বাঁচার আকুতি জানাচ্ছেন। অথচ তাদের ন্যায্য দাবি না মেনে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও বিজিবি নামিয়ে দমন-পীড়ন চালানো হচ্ছে। সরকারি কর্মচারীদের বেলায় মূল্যস্ফীতি বিবেচনায় বেতন বাড়লেও শ্রমিকের বেলায় তাকে ‘ষড়যন্ত’ আখ্যা দেওয়াকে সরকারের স্পষ্ট দ্বিচারিতা বলে মন্তব্য করেন তিনি।

পোস্টে তিনি বলেন, আন্দোলনকে রাজনৈতিক চক্রান্ত বলে চালিয়ে দেওয়া প্রশাসনের ব্যর্থতার নামান্তর। জুলাইয়ের গণঅভ্যুত্থানে রক্ত দেওয়া শ্রমিকদের ওপরেই আজ পুলিশ ও বিজিবির হামলা চালানো হচ্ছে এবং মতপ্রকাশের জন্য সাধারণ শ্রমিকদের গ্রেপ্তার করা হচ্ছে, যা মৌলিক অধিকারের চরম পরিপন্থী। ৬ সদস্যের সদ্য গঠিত মজুরি বোর্ডকে তিনি সুনির্দিষ্ট কোনো আশ্বাস না দিয়ে সময়ক্ষেপণের কৌশল হিসেবে উল্লেখ করেন।

পোশাক খাতের ৪০ লাখ শ্রমিকের ঘামে দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি অর্জিত হলেও তাদের অনাহারে থাকতে হওয়াকে লজ্জাজনক আখ্যা দিয়ে অবিলম্বে শ্রমিকদের সাথে আলোচনা করে ন্যায্য ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানান নাহিদ ইসলাম। একইসাথে তিনি গ্রেপ্তারকৃতদের মুক্তি, হামলার নিরপেক্ষ তদন্ত, ছাঁটাই বন্ধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

Related Articles

Back to top button