পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ


পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মজুরি বোর্ডকে পরামর্শ দেওয়ার পাশাপাশি শ্রমিকদের স্বার্থ নিশ্চিতে কাজ করতে শ্রম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। তিন বছর পরপর মজুরি বোর্ড গঠনের বিধান থাকলেও সরকার আগেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। বোর্ড প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে শ্রমিকদের সম্মানজনক জীবনযাপনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করবেন।
সহিংস আন্দোলনের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসন্তোষ নিরসনে আলোচনার পথ খোলা থাকা সত্ত্বেও আন্দোলনের নামে পুলিশের গাড়িতে আগুন, কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগ অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, নিরীহ শ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে উসকানি ও ইন্ধন জোগানো হচ্ছে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা রপ্তানি ব্যাহত করার অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে।
একই সঙ্গে সাময়িকভাবে বন্ধ হওয়া পোশাক কারখানাগুলো মালিক ও শ্রমিকদের পারস্পরিক আলোচনার মাধ্যমে দ্রুত চালু করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তৈরি পোশাকশিল্পের অগ্রগতি, রপ্তানি বৃদ্ধি এবং শ্রমিকদের কর্মসংস্থান সম্প্রসারণে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




