ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত

মাসিক সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে আশপাশের এলাকায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে কয়েকশ শ্রমিক একত্রিত হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও সংলগ্ন সড়কে অবস্থান নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে নয়টার দিকে আন্দোলনরত শ্রমিকরা ১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, “ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাক শ্রমিকেরা মিরপুর-১০ নম্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে পুলিশ তাদের সঙ্গে কথা বলে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

এদিকে মিরপুর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে, গার্মেন্টস কর্মীদের আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও এর আশপাশের সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। যাত্রী ও চালকদের বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button