পঞ্চগড়ে দুই দিন ১৫ ডিগ্রির ঘরে থাকার পর বাড়ল তাপমাত্রা


টানা দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করার পর দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের আদ্রতা ছিল ৮২ শতাংশ।
এর আগে গত মঙ্গলবার ও বুধবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যথাক্রমে ১৫ দশমিক ৭ ও ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাব অনুযায়ী মাত্র দুই দিনের ব্যবধানে এখানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা আগের চেয়ে কিছুটা বৃদ্ধি পেলেও উত্তরের এই সীমান্তবর্তী জনপদে ভোর ও সন্ধ্যার পর শীতের পরশ এবং ঠান্ডার অনুভূতি বজায় থাকছে। তবে দিনের বেলায় রোদের তেজ থাকায় মাঝারি ধরনের গরম অনুভূত হচ্ছে। শীত ও গরমের এই বৈপরীত্যের কারণে দিন ও রাতের আবহাওয়ায় বেশ ভিন্নতা অনুভব করছেন স্থানীয় বাসিন্দারা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় আবহাওয়ার এই পরিবর্তনের তথ্য নিশ্চিত করে জানান, গতকাল বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকালে তাপমাত্রা বেড়ে ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।




