বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বিদেশে পাঠাবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী


অবৈধ উপায়ে বিদেশ গমন সম্পূর্ণভাবে বন্ধ করা এবং বৈধ পন্থায় দেশে রেমিট্যান্স পাঠানোর জোরালো আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ এখন আর বিদেশে কোনো অদক্ষ শ্রমিক পাঠাবে না; বরং বিশ্ববাজারে প্রমাণ করতে হবে যে বাংলাদেশও বিশ্বমানের দক্ষ জনশক্তি তৈরি করতে সক্ষম।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি বিদেশে পাঠানোর পরিকল্পনা ও লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অবৈধ অভিবাসন ও হুন্ডির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, অবৈধ পথে বিদেশ যাওয়া এবং হুন্ডিতে রেমিট্যান্স পাঠানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। যে দেশেই যাওয়া হোক না কেন, সেখানকার আইন অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে যাতে গুটিকয়েক মানুষের অপকর্মের কারণে পুরো দেশের সুনাম ক্ষুণ্ন না হয়।
সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাকারীদের হুঁশিয়ার করে মন্ত্রী জানান, দেশে বা বিদেশে বসে যারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন, তাঁরা দ্রুত এসব অপকর্ম থেকে সরে না আসলে তাঁদের পরিণতি অত্যন্ত খারাপ হবে এবং আইনের আওতায় আনা হবে।
এছাড়া রিক্রুটিং এজেন্সিগুলোকে সততা ও সঠিক পথে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন যে, ব্যক্তিগত স্বার্থে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়কারীদের দেশের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে।




