বিদেশি সহায়তার ওপর নির্ভর করে নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় বাংলাদেশ

বাংলাদেশ আর বিদেশি সহায়তার ওপর নির্ভর করে চলতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের প্রথম দিনের কর্মসূচি শেষে সোমবার (২৬ অক্টোবর) টোকিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, সহায়তার ওপর ভিত্তি করে চলার যুগ শেষ হয়ে গেছে এবং বাংলাদেশ এখন নিজস্ব সক্ষমতার ওপর ভর করে বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগের ভিত্তিতে নতুন অংশীদারত্ব গড়ে তুলতে চায়। তিনি উল্লেখ করেন যে বর্তমান সরকারের নতুন পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক নীতি ও নানা সামাজিক এজেন্ডা নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

জাপান সফরের পরবর্তী কর্মসূচির বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রথম দিনে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন এবং সফরের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

সাবেক শেখ হাসিনা সরকারের আমলে আস্থার ঘাটতি ও দুর্নীতির কারণে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে যে বাধাগুলো তৈরি হয়েছিল, বর্তমান গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে তা কাটিয়ে ওঠার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। জাপান এখন বাংলাদেশের সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহি এবং টেকসই বিনিয়োগ সহযোগিতার ভিত্তিতে এক নতুন ও অর্থবহ অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী বলে তিনি জানান।

Related Articles

Back to top button