সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ


সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ‘আইডেক্স ২০২৭’ এবং অষ্টম নৌ-প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা প্রদর্শনী ‘ন্যাভডেক্স ২০২৭’-এ যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
গত সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই দুটি মর্যাদাপূর্ণ প্রদর্শনীতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আগামী বছরের ২৫ থেকে ২৯ জানুয়ারি আবুধাবির আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) এই আন্তর্জাতিক প্রদর্শনী দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইউএই দূতাবাস উল্লেখ করেছে যে, আইডেক্স ও ন্যাভডেক্স বৈশ্বিক প্রতিরক্ষা খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বৈশ্বিক আয়োজন, যেখানে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সর্বাধুনিক প্রযুক্তি, নতুন নতুন উদ্ভাবন এবং সামরিক অগ্রগতি তুলে ধরা হয়। প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি খ্যাতনামা সামরিক বিশেষজ্ঞরা এই আয়োজনে অংশগ্রহণ করেন।
শেখ হামদান আশাবাদ ব্যক্ত করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি এই দুটি মহতী আয়োজনকে আরও সমৃদ্ধ করবে এবং প্রদর্শনীর সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সাথে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি তাঁর সর্বোচ্চ শ্রদ্ধা ও গভীর সম্মান জ্ঞাপন করেন।




