বর্তমান সরকারের আমলে গুম ও স্বাধীন তদন্তের বাধা নিয়ে নাবিলা ইদ্রিসের ক্ষোভ


বাগেরহাটের মোংলা উপজেলার বাসিন্দা মিরাজ শেখের গুমের ২০০তম দিন উপলক্ষে অন্তর্বর্তী সরকারের সাবেক গুম কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী ড. নাবিলা ইদ্রিস এক ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, গুমের এই ঘটনাটি বর্তমান সরকারের আমলেই ঘটেছে এবং বর্তমান সরকারের সময় এ ধরনের একাধিক ভুক্তভোগী রয়েছেন। এরপরও সরকার এখন পর্যন্ত এই গুমের স্বাধীন তদন্ত করতে না দিয়ে আইন প্রণয়নের মাধ্যমে স্বাধীন তদন্তের ক্ষমতা বিলুপ্ত করেছে।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি আইন জটিল করার বিষয়ে পূর্বের সতর্কবার্তার কথা স্মরণ করিয়ে দেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছা দিয়ে সমস্যা সমাধানের প্রতিশ্রুতিতে শুরুতে তিনি ভরসা রাখলেও মিরাজ শেখের গুমের পর দায়িত্বশীলদের ‘এটা ঠিক গুম না’ মন্তব্য তাঁর সেই বিশ্বাস ভেঙে দিয়েছে।
সরকারের সমালোচনার কারণে গ্রেপ্তারের প্রবণতা বৃদ্ধি পাওয়ার বিষয়টি তুলে ধরে নাবিলা ইদ্রিস বলেন, শুরুতে এমন ঘটনায় সরকার বিব্রত হলেও বর্তমানে এসবের পক্ষে নির্লজ্জভাবে সাফাই দেওয়া হচ্ছে। বাকস্বাধীনতা বনাম বাকশালীনতার ভিত্তিহীন তত্ত্ব দিয়ে প্রথমে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের কটূক্তির অভিযোগে এবং সর্বশেষ সরকারি দলের সমালোচনার কারণেও মানুষকে কারাগারে পাঠানো হচ্ছে, যা সদিচ্ছার বয়ান ভেস্তে যাওয়ার প্রমাণ দেয়।
সম্প্রতি আইজিপির দেওয়া ‘সরকার অনুমতি দিলে পুলিশ ক্রসফায়ার করবে’ বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এমন বক্তব্যে অবাক হওয়ার কিছু নেই, কারণ এনকাউন্টারের ঘটনা ঘটলে স্বাধীন তদন্তের পথ বন্ধ করা হয়েছে এবং নির্দেশ মানতে অস্বীকৃতি জানানো পুলিশ সদস্যদের সুরক্ষায় স্বাধীন পুলিশ কমিশন গঠন করা হয়নি। শক্তিশালী সরকারের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার আশঙ্কায় এসব সংস্কার এড়িয়ে যাওয়া হয়েছে কি না—এমন প্রশ্ন তুলে তিনি মন্তব্য করেন যে প্রধানমন্ত্রী যদি সদিচ্ছার কৃতিত্ব নিতে চান, তবে সদিচ্ছার অভাবের দায়ও তাকেই নিতে হবে।




