স্বামীর মরদেহের পাশে রাতভর কান্না, সকালে রেললাইনে মিলল স্ত্রীর মরদেহ


পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বার্ধক্যজনিত কারণে স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রী নিত্য বালা বর্মণ (৭৫)। মঙ্গলবার সকালে রেললাইন থেকে তাঁর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও গ্রামে। নিহত দম্পতি হলেন ওই গ্রামের হরেন্দ্রনাথ বর্মণ (৮০) ও নিত্য বালা বর্মণ। হরেন্দ্রনাথ স্থানীয় একটি মন্দিরের পূজারি ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত ৯টার দিকে বার্ধক্যজনিত অসুস্থতায় নিজ বাড়িতে মারা যান হরেন্দ্রনাথ বর্মণ। স্বামীর মৃত্যুর পর রাতভর মরদেহের পাশে বসে কাঁদতে থাকেন স্ত্রী নিত্য বালা। মঙ্গলবার ভোরে পরিবারের সবার অলক্ষে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। সকালে বাড়ি থেকে কিছুটা দূরে রেললাইনে বাংলাবান্ধা এক্সপ্রেসের নিচে কাটা পরা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
পরিবারের সদস্যদের মতে, স্বামীর প্রতি গভীর ভালোবাসা ও তাঁর বিচ্ছেদের শোক সহ্য করতে না পেরেই এমন সিদ্ধান্ত নেন নিত্য বালা। মঙ্গলবার সকালে তাঁদের নিজস্ব জমিতে তৈরি শ্মশানে পাশাপাশি চিতায় স্বামী-স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়।
আটোয়ারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, খবর পাওয়ার আগেই স্বজনেরা মরদেহ উদ্ধার করে সৎকার সম্পন্ন করেছেন। রেলওয়ে পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।




