খাবার খেয়ে পরিবারের ৬ সদস্য হাসপাতালে, ফাঁকা বাড়িতে লুটপাট


মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চেতনানাশক মেশানো খাবার খেয়ে একই পরিবারের ছয় সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার সুযোগে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পয়েন্টা ইউনিয়নের বাইলজুরী এলাকায় এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন বাইলজুরী গ্রামের বাসিন্দা ও শিক্ষক রমজান আলী, তার মা বেদেনা বেগম, স্ত্রী জাহানারা আক্তার এবং তাদের তিন সন্তান রাইয়ান, রিদোয়ান ও মাইশা।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শুক্রবার খাবার খেয়ে পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে সন্ধ্যায় তাদের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরের মূল ফটক ও দুটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা ঘরের আসবাবপত্র তছনছ করে মানিব্যাগ থেকে ১ হাজার ১০০ টাকা এবং প্রায় ৯ ভরি ৬ আনা ওজনের রূপার অলংকার লুট করে নিয়ে যায়। সুস্থ হয়ে শনিবার সকালে বাড়িতে ফিরে তালা ভাঙা ও মালামাল লুট অবস্থায় দেখতে পান তারা।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। পরিবারের সদস্যদের অসুস্থতা এবং চুরির ঘটনার মাঝে কোনো যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখে তদন্ত চালানো হচ্ছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।




