পরকীয়ায় জড়িত থাকার অভিযোগে প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর


শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৮৭ নম্বর আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আসাদ মিয়াকে অসদাচরণ ও অনৈতিক সম্পর্কের অভিযোগে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের সাবেক স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও অশ্লীল ইমু চ্যাটিংয়ের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ গুরুদণ্ড দেওয়া হয়।
প্রাথমিক শিক্ষা বিভাগের ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. আব্দুল আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এই সিদ্ধান্ত জানানো হয়। বিভাগীয় মামলার তদন্ত এবং পরবর্তীতে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় কর্তৃপক্ষ এ আদেশ কার্যকর করে।
শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করলেও অভিযুক্ত প্রধান শিক্ষক আলী আসাদ আদেশের চিঠির বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে দাবি করেছেন।




