নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার প্রস্তাব বাংলাদেশের


নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। পরিস্থিতি মোকাবিলায় নেপালকে সব ধরনের ত্রাণ ও উদ্ধার সহায়তার জন্য ঢাকা প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংহতি বার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জনগণ এই দুর্যোগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও দেশের জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার ও নেপালিদের পাশে রয়েছে। বাংলাদেশ নিহতদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের সুস্থতা কামনা করেছে। যেকোনো সাহায্য-সহযোগিতায় কাঠমান্ডুর পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।




