নারীকে মারধরের ভিডিও ধারণ, পুলিশ ভ্যানে সাংবাদিককে নির্যাতনের অভিযোগ


রাজধানীর বিজয় সরণি এলাকায় এক নারীকে পুলিশ সদস্যদের মারধরের ভিডিও ধারণ করায় গ্লোবাল টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার বুলবুল হোসেনকে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে রমনায় ডিএমপি সদর দপ্তরে ডিএমপি কমিশনারের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়।
লিখিত অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বিজয় সরণি সিগন্যালে অবস্থানকালে কয়েকজন পুলিশ সদস্যকে এক পথচারী নারীকে মারধর করতে দেখে বুলবুল হোসেন ভিডিও ধারণ শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যরা তাকে জোর করে একটি পুলিশ ভ্যানে তুলে নেন।
অভিযোগ অনুযায়ী, ভ্যানে তুলে ভিডিও মুছে ফেলার জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হয়। সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও মুছতে অস্বীকৃতি জানালে তার ওপর নির্যাতন চালানো হয়। বুলবুল হোসেনের দাবি:
-
পুলিশ সদস্যরা তার মাথায় আঘাত করেন এবং ভ্যানের মেঝেতে ফেলে বেধড়ক মারধর করেন।
-
বুট পরা পা দিয়ে বুকে চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়।
-
তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পুলিশ ভ্যান থেকে বের হতে সক্ষম হন।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মাথা, চোখ ও বুকে আঘাতের চিহ্ন পান এবং তিন দিনের পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন।
বুলবুল হোসেন উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ এবং চরম মানবাধিকার লঙ্ঘন। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্ত পুলিশ সদস্যদের দ্রুত শনাক্ত করে আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
ডিএমপির পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।




