স্বামীকে শ্বাসরোধে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

ময়মনসিংহে স্বামী শফিকুল ইসলাম সপুকে শ্বাসরোধে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ময়মনসিংহের বিশেষ দায়রা জজ ফারহানা ফেরদৌস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আকরাম হোসেন এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন সাজ্জাদুর রহমান। মামলায় বিচার চলাকালে ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় এই রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরের বাঁশবাড়ি কলোনির বাসিন্দা শফিকুল ইসলাম সপু প্রথম স্ত্রী মাহমুদা আক্তার কুমুকে বিয়ে করার পর আফরোজা শেখ ইতিকে দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রী ও সন্তানের সঙ্গে যোগাযোগ রাখাকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ লেগেই থাকত।

২০১৯ সালের ১০ জুন সন্ধ্যা থেকে ১৩ জুনের মধ্যে যেকোনো সময় আফরোজা শেখ ইতি, তার ভাই দীন ইসলাম ও সহযোগীরা পরিকল্পিতভাবে শফিকুল ইসলাম সপুকে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর মরদেহ নগরের আকুয়া এলাকার একটি পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়। ১৩ জুন ভাসমান অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

হত্যাকাণ্ড আড়াল করতে আফরোজা শেখ ইতি স্বামীর নিখোঁজের নাটক সাজিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে নিহতের মা ও মামলার বাদী নুরুন্নাহার বলেন, তিনি আসামির মৃত্যুদণ্ডের প্রত্যাশা করেছিলেন।

আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় সাজার পাশাপাশি জরিমানার ৫০ হাজার টাকা মামলার পরিচালনা ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট অর্থ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বাদী নুরুন্নাহারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন। রায় ঘোষণার পর আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান।

Related Articles

Back to top button