মিরপুরে সমন্বিত অভিযান: ক্ষতিকর জেলি মেশানো ৪০ কেজি চিংড়ি ধ্বংস করল বিএফএসএ


রাজধানীর মিরপুর ১-এর শাহ আলী কাঁচা বাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নেতৃত্বে পরিচালিত এক সমন্বিত অভিযানে ক্ষতিকর জেলি পুশ করা ৪০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে। ওজন বাড়ানোর উদ্দেশ্যে অসাধু ব্যবসায়ীরা এই ক্ষতিকর জেলি ব্যবহার করছিল।
মঙ্গলবার (২৮ জুলাই) পরিচালিত এই অভিযানে কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
অভিযানের মূল বিষয়গুলো, জেলি মেশানো ৪০ কেজি চিংড়ির পাশাপাশি একটি দোকানে বিক্রি করা অসুস্থ খাসির কলিজা পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর ধ্বংস করা হয়।
অধিকাংশ মাছ, মাংস ও সবজির দোকানে মূল্য তালিকা পাওয়া যায়নি। এছাড়া মাছ-মাংসের সৌন্দর্য কৃত্রিমভাবে বাড়ানোর জন্য ব্যবহৃত লাল লাইট তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।
পরিলক্ষিত এসব অনিয়ম আগামী ৩০ দিনের মধ্যে সংশোধন করার জন্য বাজার মালিক সমিতিকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে অসঙ্গতি দূর না করলে আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়।
বিএফএসএ-এর উপপরিচালক বি এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি জানান, জনস্বার্থে সরকার গঠিত একাধিক দপ্তরের সমন্বয়ে প্রতি মাসে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বিএফএসএ-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




