চট্টগ্রামে অস্ত্র তৈরির কারখানায় অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ২


চট্টগ্রামের হাটহাজারীতে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে হাটহাজারী থানাধীন মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মির্জাপুর এলাকার মো. জামাল হোসেন (৪৪) এবং মো. কবির।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, কারখানায় অবৈধ অস্ত্র তৈরির কাজ চলাকালে এই দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি যাচাই-বাছাই করা হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধারে এই অভিযান অব্যাহত থাকবে এবং আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




