এনসিপি নেতাদের ওপর হামলা, সংঘর্ষ: সারজিসসহ আহত ২০, প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ


হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার জন্য ছাত্রদল নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের থানার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুপক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়া হয় এবং ইটপাটকেল ছোড়ে নেতাকর্মীরা।
একপর্যায়ে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে সোনালী ব্যাংকে অবরুদ্ধ করে রাখা হয়। রাত ৮টায় পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায়।
হামলায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও জেলা সদস্য সচিব মাহবুবুর রহমান মুবিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের বহনকারী গাড়িও ভাঙচুর করা হয়।
হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি।
হামলার নিন্দা জানিয়ে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সার্কিট হাউজের ভেতরে প্রবেশ করে সন্ত্রাসীরা মিডিয়া টিমের গাড়িতে হামলা চালায় এবং মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয়। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, পুলিশের উপস্থিতিতেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই অতর্কিত হামলা চালিয়েছে।
এনসিপির ওপর হামলার সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। তিনি জানান, অশালীন বক্তব্য ঘিরে বিক্ষুব্ধ জনগণ এই ধাওয়া দিয়েছে।
এদিকে নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও নেত্রকোনা পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মো. সোহাগ মিয়া প্রীতমের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নেত্রকোনা সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।




