আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবির জালে ৬ সদস্য

অনলাইনে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগের নামে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন— বাবলু ওরফে সূর্য (২৪), শাহিন (২১), তুষার মিয়া (২৫), আতিকুর রহমান ওরফে নিরব রানা (২০), লিখন ওরফে ইমন (২২) এবং শাকিল রানা (৩০)।

পুলিশ জানায়, একটি বিশেষ চক্র আস-সুন্নাহ ফাউন্ডেশন এবং শায়খ আহমাদুল্লাহর নাম, ছবি ও পরিচিতি ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট এবং ফেসবুক পেজ খুলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছিল। এসব পেজে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করে চক্রটি তা আত্মসাৎ করে আসছিল। বাড্ডা থানায় দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের একটি মামলার তদন্তে নেমে ডিবির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম এই চক্রের সন্ধান পায়।

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৩০ জুন) গাজীপুরের আশুলিয়ার জিরানী বাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা বাবলু ও শাহিনকে প্রথমে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুরের সরিষাবাড়ী থেকে তুষার, নিরব রানা ও ইমনকে এবং বুধবার (১ জুলাই) ভোরে গাজীপুরের কালিয়াকৈর থেকে শাকিল রানাকে গ্রেফতার করা হয়।

বর্তমানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related Articles

Back to top button