সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি


চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটক-সংলগ্ন এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় আইআইইউসির শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহত ও দুইজন আহত হন। এর প্রতিবাদে আট দফা দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ঘটনাস্থলে গিয়ে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে ৬ ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
জেলা প্রশাসকের হস্তক্ষেপে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই দুর্ঘটনাস্থলে গতি নিয়ন্ত্রণে রাম্বল স্ট্রিপ স্থাপন ও সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। একইসঙ্গে মহাসড়ক ও রেললাইনের মধ্যবর্তী এলাকায় অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে বিআরটিএ ও জেলা প্রশাসন অভিযান চালিয়ে ১৫টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করেছে।
এ ছাড়া নিহত শিক্ষার্থী মাইশা মুশফিরাতের পরিবারকে বিআরটিএর মাধ্যমে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ির মালিকপক্ষ শনাক্ত করে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধির দায়ের করা মামলায় অভিযুক্ত চালককে গ্রেপ্তারে যৌথ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের সবকটি দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।




