পোশাকখাতে শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলা এড়াতে চট্টগ্রামে যৌথ বৈঠক

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে সম্ভাব্য শ্রমিক অসন্তোষ ও অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেপজা ও জেলা প্রশাসনের এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন সিইপিজেডের বেপজা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), বেপজা, এনএসআই, ডিজিএফআই ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সভাপতির বক্তব্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ (চট্টগ্রাম)-এর পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে সম্ভাব্য অসন্তোষ মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

বৈঠকে সিইপিজেড বেপজার নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম বর্তমান পরিস্থিতিতে শিল্পাঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সম্ভাব্য বিশৃঙ্খলা নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে সিইপিজেড বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক আশেক মোহাম্মদ শাহদাত, এনএসআইয়ের যুগ্ম পরিচালক নুরুদ্দীন মোহাম্মদ বোরহান, ডিজিএফআইয়ের ডেপুটি ডিরেক্টর মো. শফিকুল ইসলাম, সিএমপির বন্দর জোনের উপকমিশনার আমিরুল ইসলাম এবং পতেঙ্গার সহকারী কমিশনার (ভূমি) শহীদ ইশরাক উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button