শিক্ষার্থীদের বিনা মূল্যে জাদুঘর-ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখার সুযোগ

শিক্ষার্থীদের দেশীয় ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ জ্ঞান অর্জনের মাধ্যমে দেশপ্রেম এবং জাতীয় চেতনা বিকাশে যৌথ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) নগর ভবনে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকের আওতায় ডিএসসিসি এলাকার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ৩য় থেকে ১০ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা বিনামূল্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ ঢাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের সুযোগ পাবে। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এ পরিদর্শন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

উদ্যোগটি প্রাথমিক পর্যায়ে সমঝোতা স্মারকের তারিখ থেকে এক বছরের জন্য কার্যকর থাকবে এবং পর্যালোচনার ভিত্তিতে পরবর্তীতে এর মেয়াদ ও পরিধি বাড়ানো হবে। শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে অনগ্রসর পরিবার ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শিক্ষার্থীদের যাতায়াত, পরিবহন, খাবারের ব্যবস্থা নিশ্চিত করবে এবং নিরাপত্তা ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে। অন্যদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গাইডেড ট্যুর, প্রদর্শনী পরিদর্শন, কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে।

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার নতুন সুযোগ তৈরি হলো। তারা চান নতুন প্রজন্ম দেশপ্রেমিক, মানবিক ও সংস্কৃতিমনস্ক নাগরিক হিসেবে গড়ে উঠুক।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম জানান, পাঠ্যপুস্তকের বাইরে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নান্দনিকতা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাবসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button