নোংরা পরিবেশ ও লাইসেন্স না থাকায় ‘জমিদারি ভোজ’কে লাখ টাকা জরিমানা

রাজধানীর লালবাগে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং প্রয়োজনীয় সনদ না থাকায় ‘জমিদারি ভোজ’ নামের একটি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর নবাবগঞ্জ রোডে অবস্থিত রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। বিএফএসএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, অভিযানকালে রেস্তোরাঁটির রান্নাঘরের মেঝে অত্যন্ত নোংরা ও স্যাঁতসেঁতে অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া কোনো ধরনের লেবেল বা মেয়াদ ছাড়াই বোরহানি, ফিরনি, প্রক্রিয়াজাত মাংস ও বিভিন্ন মসলা সংরক্ষণ করতে দেখেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে রেস্তোরাঁটি পরিচালনায় ফায়ার লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ এবং পানি পরীক্ষার সনদের মতো বাধ্যতামূলক কোনো কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এসব অপরাধ ও অনিয়ম স্বীকার করায় রেস্তোরাঁটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভুঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button