চৌগাছায় অস্থায়ী চেকপোস্টে ৯০ বোতল উইনকেরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে যশোরের চৌগাছায় বিশেষ অভিযান চালিয়ে ৯০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল।

গত শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে চৌগাছা থানাধীন মৃধাপাড়া মহিলা কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে একটি নীল রঙের ইজিবাইক থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব ফোর্সেস। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছার মৃধাপাড়া মহিলা কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়।

অভিযানকালে একটি সন্দেহজনক নীল রঙের ইজিবাইক থামিয়ে তল্লাশি চালালে সেখান থেকে ৯০ বোতল উইনকেরেক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক বহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. হানিফ (২৯) এবং একই উপজেলার জলুলী গ্রামের উত্তরপাড়া এলাকার মো. তুজাম্মেল মণ্ডলের ছেলে মো. কামরুজ্জামান খোকা (৪৭)।

অভিযান শেষে উদ্ধার করা ৯০ বোতল উইনকেরেক্স উপস্থিত সাক্ষীদের সামনে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে র‍্যাব ফোর্সেস জিরো টলারেন্স নীতিতে অটল থেকে কাজ করে যাচ্ছে। মাদকদ্রব্যের অবৈধ বেচাকেনা, পরিবহন ও বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং গুরুতর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান চলমান রয়েছে। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Back to top button