আদালতের রায়ে মেয়র, এবার চসিকের প্রশাসক ডা. শাহাদাত

আদালতের রায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ঘোষিত ডা. শাহাদাত হোসেনকে এবার প্রতিষ্ঠানটির পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী রোববার (২৫ অক্টোবর) তাকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব জুয়েল রানা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নতুন সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। আইনটির ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী তিনি সিটি করপোরেশনের মেয়রের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী নির্ধারিত মাসিক সম্মানী ও অন্যান্য সুবিধাদিও পাবেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। তৎকালীন নির্বাচনের ফলাফল বাতিল ও পুনর্গণনার দাবি জানিয়ে তিনি আদালতের শরণাপন্ন হন। পরবর্তীতে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাকে বিজয়ী ও মেয়র হিসেবে ঘোষণা করে ঐতিহাসিক রায় দেন।

Related Articles

Back to top button