৬ বছরে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজি স্বর্ণ, সাড়ে ১২ কেজি রুপা

দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনা সম্পন্ন হয়েছে। এতে পাওয়া গেছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ এবং ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা।

সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ১০টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসব স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার পরিমাপ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা জুয়েলারি সমিতির ১০ জন অভিজ্ঞ সদস্য আনুষ্ঠানিকভাবে এই ওজন নির্ধারণ কার্যক্রম পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ সন্ধ্যায় জানান, স্বর্ণ ও রুপার ওজন নির্ধারণের কাজ শেষ হলেও সংগৃহীত বৈদেশিক মুদ্রা গণনার কাজ এখনো চলমান রয়েছে।

ওজন নির্ধারণ কার্যক্রমকালে জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ২০২০ সালের ১১ মার্চ পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার পরিমাপ করা হয়েছিল। সে সময় নিলামের মাধ্যমে ৪১৫ ভরি ১ আনা স্বর্ণ এবং ১৬৪ ভরি রুপা বিক্রি করে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১০০ টাকা তহবিলে যুক্ত হয়। এছাড়া তৎকালীন বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ১ লাখ ২৭ হাজার ৬৫১ টাকা পাওয়া গিয়েছিল।

প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে ঐতিহাসিক পাগলা মসজিদের মূল তহবিলে মোট ১৩১ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা জমা রয়েছে। এর বাইরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান হিসেবে আরও ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা জমা পড়েছে।

Related Articles

Back to top button