দিল্লিতে সিজেপির বিক্ষোভ: ‘ঝড়ের’ জন্য পুলিশকে প্রস্তুত থাকার নির্দেশ, কড়া নিরাপত্তা ও মেট্রো চলাচল সীমিত

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য সহিংসতা ও পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার (সেন্ট্রাল রেঞ্জ) মধুর ভার্মা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘ঝড়ের জন্য প্রস্তুত হওয়ার’ পাশাপাশি সর্বোচ্চ সহনশীল ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

বিরোধী দল ও সিজেপির অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজ্ঞাবহ হিসেবে কাজ করছেন এবং ভোটার তালিকা থেকে লাখ লাখ মানুষের নাম বাদ দিয়ে নির্বাচনী স্বচ্ছতা নষ্ট করেছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনের আগে প্রায় ৭০ লাখ ভোটার বাদ দেওয়ার ঘটনাকে তারা এর বড় উদাহরণ হিসেবে দেখছেন।

আন্দোলন মোকাবিলায় রাজধানীতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২৩ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভের কারণে দিল্লিগামী ৬১টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এবং নিরাপত্তা আশঙ্কায় ৫৭টি মেট্রো স্টেশনে প্রবেশ ও প্রস্থান সীমিত করা হয়েছে। যদিও এত বিপুলসংখ্যক স্টেশন বন্ধ রাখায় সুপ্রিম কোর্ট তীব্র আপত্তি জানিয়ে মশা মারতে হাতুড়ি না ব্যবহারের কথা বলেছেন। পাশাপাশি, মধ্য দিল্লির সংবেদনশীল এলাকাগুলোতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের ১৬৩ ধারা জারি করা হয়েছে এবং যন্তরমন্তর ও আশপাশের এলাকায় ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা স্থগিত রাখা হয়েছে।

Related Articles

Back to top button