ব্রহ্মপুত্র নদে ভেসে এলো শিশু আলোর মরদেহ


জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার দক্ষিণ খামার এলাকা সংলগ্ন নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশুটির নাম আলো। সে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার আলম মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ব্রহ্মপুত্র নদে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তা উদ্ধার করে চিলমারী মডেল থানায় খবর দেন। স্বজনরা জানান, গত বুধবার দুপুরে চিলমারীর পার্শ্ববর্তী বামনডাঙ্গা কুটিরচর এলাকায় নানা বাড়িতে বেড়াতে এসে শিশুটি নিখোঁজ হয়।
বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, নৌপুলিশের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।




