এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকার সাভারের আমিনবাজারে সন্ত্রাসীদের নৃশংস হামলায় নিহত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই মো. আলতাফ হোসেনের হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিহতের পরিবার তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি পুলিশ কর্মকর্তাদের এই নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারকে দ্রুত বিচার নিশ্চিত করার সর্বাত্মক আশ্বাস দেন। পরিবারের কল্যাণে ইতোমধ্যে পুলিশ অধিদপ্তরের কল্যাণ তহবিল থেকে ৬ লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে, যা মন্ত্রী নিহতের স্ত্রী মোছা. শিউলী পারভীনের হাতে তুলে দেন। এছাড়া নিহতের পারিবারিক ব্যবসা সচল রাখার সুবিধার্থে ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ থেকে প্রয়োজনীয় ঋণ সহায়তার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি আলতাফ হোসেনের সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর ‘পুলিশ পদক (পিপিএম)’ দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভারের আমিনবাজারের বরদেশী পশ্চিমপাড়ায় একটি অটোরিকশা রাখা নিয়ে তৈরি তর্ক-বিতর্ক মেটাতে গিয়ে সন্ত্রাসীদের হামলার মুখে পড়েন এসআই আলতাফ হোসেন। বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলে মো. আরিফুল ইসলামও গুরুতর জখম হন। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আলতাফ হোসেন ১৯৮৬ সালে কনস্টেবল পদে পুলিশে যোগ দেন এবং দীর্ঘ ৪০ বছরের কর্মজীবন শেষে ২০১১ সাল থেকে মৃত্যু অবধি স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

Related Articles

Back to top button