মিশরে শক্তিশালী ভূমিকম্প: কম্পন অনুভূত হলো ইসরায়েলেও


সোমবার (৩ আগস্ট) ভোরে মিশরে একটি মধ্যম মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাবে দক্ষিণ ইসরায়েল এবং ডেড সি (মৃত সাগর) সংলগ্ন এলাকাও কেঁপে ওঠে।
মিশরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্সের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুয়েজ শহর থেকে ৩৮ কিলোমিটার উত্তরে। অন্যদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, এর মাত্রা ছিল ৫.৪ এবং ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল।
ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সতর্কতাস্বরূপ মিশরের রেড ক্রিসেন্ট আক্রান্ত প্রদেশগুলোতে তাদের জরুরি সাড়াদান পরিকল্পনা সক্রিয় করেছে এবং স্থানীয়দের ঝুঁকিপূর্ণ ভবন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
ভূমিকম্পের জেরে ইসরায়েলে অ্যান্ড্রয়েড ফোনে স্বয়ংক্রিয় সতর্কবার্তা পাঠানো হয়। তবে দেশটির হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ইসরায়েলে নতুন করে কোনো শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা না থাকায় সাধারণ কোনো রেড অ্যালার্ট জারি করা হয়নি।




