কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত লাশ, গায়ে ‘ইসলামী যুব আন্দোলন’ লেখা গেঞ্জি


পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার ফরেস্ট রিজার্ভ সংলগ্ন সৈকত থেকে অর্ধগলিত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মৃত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। লাশের পরনে একটি কালো প্যান্ট এবং সাদা রঙের গেঞ্জি ছিল। সেই গেঞ্জিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা এবং সংগঠনের লোগো রয়েছে।
স্থানীয় বাসিন্দা সিরাজুল ও মনির জানান, মঙ্গলবার বিকেলে কয়েকজন স্থানীয় ব্যক্তি গঙ্গামতি সৈকতে গোসল করতে যান। এ সময় তারা সমুদ্রের পানিতে একটি লাশ ভাসতে দেখে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে নিখোঁজ হওয়া কোনো ব্যক্তি কিংবা ট্রলারডুবির শিকার কোনো জেলের লাশ হতে পারে এটি। তবে যুবকের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন, “গঙ্গামতি এলাকা থেকে আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে থাকা গেঞ্জির সূত্র ধরে এবং অন্যান্য উপায়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”



