ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৫০ নারী-পুরুষ

ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি নারী ও পুরুষ।

রোববার (৫ জুলাই) রাত ১০টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করে। সেখান থেকে বেনাপোল চেকপোস্ট বিজিবির কাছে এবং পরবর্তীতে বিজিবি বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ এবং চাঁদপুর জেলার বাসিন্দা।

ভালো কাজের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে আটক হওয়া ফিরোজ মাহমুদ বলেন:

“আমরা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের তামিলনাড়ু গিয়েছিলাম। সেখানে বাসা-বাড়িতে, গার্মেন্টসে এবং ইটভাটায় কাজ করার সময় ভারতীয় পুলিশ আমাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের দায়ে সেখানকার আদালত আমাদের ছয় থেকে সাত বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়।”

তিনি আরও জানান, কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে জেলখানা থেকে ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতা এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে রোববার তারা দেশে ফিরে আসেন।

ফেরত আসা ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ওই ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে বেসরকারি সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ ২৫ জনকে এবং ‘রাইট যশোর’ ২৫ জনকে গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন,

“ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল পোর্ট থানা থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে প্রথমে আমাদের যশোর সংস্থার শেল্টার হোমে রাখা হবে। এরপর আইনি প্রক্রিয়া ও যোগাযোগ শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

Related Articles

Back to top button