নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশাচালক বাবার মৃত্যু

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে।

নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশাচালক ছিলেন।

থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত ছেলে সুমন গত কয়েক বছর আগে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন। এ নিয়ে সংসারে প্রায়ই ঝগড়া হতো এবং অশান্তি লেগেই থাকত। ছেলের মাদকাসক্তির কারণে গত এক বছর আগে সুমনকে রেখে তার স্ত্রী সুমা ঢাকায় একটি পোশাক কারখানায় চলে যান।

কয়েকদিন আগে সুমা বাড়িতে আসলে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। একপর্যায়ে সুমন রাগ করে রোববার রাত ১২টার দিকে তার বাবার ঘরে গিয়ে পাশে শুয়ে পড়েন। সুমনের ঘুম আসছিল না দেখে বাবা মহাতাব সরকার পরম মমতায় দোয়া পড়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এতে সুমন আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।

একপর্যায়ে সুমন তার বাবার হাত ধরে জোর করে ঘর থেকে বের করে উঠানে নিয়ে আসেন এবং কাঠের বাটাম দিয়ে শরীরে কয়েকটি আঘাত করেন। পরে ইট দিয়ে মাথায় প্রচণ্ড আঘাত করলে ঘটনাস্থলেই মহাতাব সরকার অজ্ঞান হয়ে মারা যান। এ সময় পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসলে সুমন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে সকালে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, “ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ঘাতক সুমন পলাতক রয়েছেন। তাকে আটকের জোর চেষ্টা চলছে।”

Related Articles

Back to top button