সংবাদ প্রকাশের পর উত্তরায় গেস্ট হাউজে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানী সুপ্রভাতে সংবাদ প্রকাশের পর উত্তরায় ‘দুর্দান্ত পর্যটন গেস্ট হাউজ’-এ অভিযান চালিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গত ১ এপ্রিল ২০২৬ তারিখে গেস্ট হাউজের আড়ালে মাদক ও দেহব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পরপরই ২ এপ্রিল ২০২৬ তারিখে পুলিশ অভিযানে নামে। অভিযানে সন্দেহভাজন দুজনকে আটক করা হলেও, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর স্বামী-স্ত্রী পরিচয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর।

স্থানীয় সূত্রের মতে, উত্তরা-১১ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের ৫৩ নাম্বার বাড়িতে অবস্থিত গেস্ট হাউজটি দীর্ঘদিন ধরে মাদক ও দেহব্যবসার একটি শক্তিশালী সিন্ডিকেটের আড়ালে পরিচালিত হচ্ছে। এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রকাশ্যেই এসব অনৈতিক কর্মকাণ্ড চললেও এখনো দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। গেস্ট হাউজটির আড়ালে ঘণ্টাভিত্তিক কক্ষ ভাড়া দিয়ে নারী সরবরাহ এবং মাদক লেনদেনের ব্যবস্থা চলে আসছে। একাধিক কক্ষ চুক্তিভিত্তিকভাবে ব্যবহার করা হয়, যেখানে টাকা দিলেই নারী এবং রুম পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে। দালালচক্রের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে নারী এনে গ্রাহকদের কাছে সরবরাহ করা হয়।

স্থানীয়দের দাবি, ‘রাজিব’ নামের এক ব্যক্তি এই পুরো সিন্ডিকেট পরিচালনা করছেন। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র গড়ে উঠেছে, যারা দীর্ঘদিন ধরে গেস্ট হাউজের আড়ালে এসব অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গোপনে গ্রাহক সংগ্রহের প্রক্রিয়াও চালু রয়েছে। শুধু দেহব্যবসাই নয়, একই সঙ্গে সেখানে মাদক সরবরাহের ব্যবস্থাও রয়েছে। রাতে বিভিন্ন সময় সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা বৃদ্ধি পায় এবং বাইরের অনেক লোকজন ওই গেস্ট হাউজে নিয়মিত যাতায়াত করে।
সবচেয়ে গুরুতর অভিযোগ হলো—উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কিছু নারীকে সেখানে আনা হয় এবং পরে তাদের জোরপূর্বক যৌন ব্যবসায় লিপ্ত করা হয়। কিছু ক্ষেত্রে ব্ল্যাকমেইল ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেটের মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করছেন। পাশাপাশি তারা আইনশৃঙ্খলা বাহিনীর স্থায়ী নজরদারি ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে এলাকার সামাজিক পরিবেশ রক্ষিত হয় এবং এ ধরনের অবৈধ কার্যক্রম ভবিষ্যতে বন্ধ হয়।

Related Articles

Back to top button