হানিয়া-সাজালের সঙ্গে শত্রুতা নেই, তবে গভীর বন্ধুত্বও নেই: মাহিরা খান

সামাজিক মাধ্যমে একে অপরের প্রশংসায় পঞ্চমুখ থাকলেও বাস্তবে অন্য শীর্ষ তারকাদের সঙ্গে কোনো প্রগাঢ় বন্ধুত্ব নেই বলে জানিয়েছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।


সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে গাজার ত্রাণ তহবিলের জন্য আয়োজিত এক দাতব্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্তদের প্রশ্নের জবাবে তিনি এই খোলামেলা মন্তব্য করেন।

অনুষ্ঠানে মাহিরাকে প্রশ্ন করা হয়, পরবর্তী কাজগুলোতে সাজাল আলি, হানিয়া আমির কিংবা ইকরা আজিজের মধ্যে কার সঙ্গে অভিনয় করতে চান? জবাবে তিনি পরিষ্কার করে জানান, সবার সঙ্গে ভালো ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেও কাজের ব্যস্ততার কারণে কারও সঙ্গে নিয়মিত আড্ডা বা দেখা-সাক্ষাৎ হয় না। ফলে গভীর বন্ধুত্ব বলতে যা বোঝায়, তা তাদের মধ্যে নেই।

তবে ইন্ডাস্ট্রিতে কোনো ধরনের রেষারেষি বা বৈরিতা নেই উল্লেখ করে সাজাল আলির ভূয়সী প্রশংসা করেন মাহিরা। তিনি বলেন, ভবিষ্যতে সাজালের সঙ্গে তিনি কোনো সিনেমায় কাজ করলে তা পাকিস্তানি চলচ্চিত্রের ইতিহাসের সমস্ত আয়ের রেকর্ড ভেঙে দিতে পারে।

উল্লেখ্য, মাহিরা খানকে শিগগিরই ওয়াহাজ আলির বিপরীতে নতুন ড্রামা সিরিজ ‘মিত্টি দে বাওয়ে’-তে দেখা যাবে।

Related Articles

Back to top button