রাজধানীর মানিকদিতে দুর্বৃত্তের গুলিতে এইচএসসি পরীক্ষার্থী গুলিবিদ্ধ


রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মো. করিম (১৮) নামে মিরপুর বাঙলা কলেজের এক এইচএসসি শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম জানান, রাতে করিমকে দোকান থেকে মশার কয়েল আনতে পাঠানো হয়। কয়েল কিনে বন্ধু তুহিনের সঙ্গে আড্ডা শেষে বাড়ি ফেরার পথে আমতলা ‘৩২ মালিকের বিল্ডিং’-এর সামনে অন্ধকারে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে করিমের দুই পা-ই গুলিবিদ্ধ হয়।
প্রথমে তাকে কুর্মিটোলার একটি হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার ডান পা থেকে একটি গুলি বের করেছেন। বাম পায়ের গুলিটি ঘটনার সময়ই বের হয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিষয়টি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে জানানো হয়েছে এবং তারা ঘটনাটি তদন্ত করছে।




