আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যায় প্রধান আসামি পারভেজ কিশোরগঞ্জে গ্রেফতার

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের প্রধান আসামি ও মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি পারভেজকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-২। 

শনিবার (৫ জুলাই) ভোরে কিশোরগঞ্জ সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ২৯ জুন ২০২৬ তারিখে জাপান ও ব্রাজিলের বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেনের সঙ্গে স্থানীয় মজনু ও শহীদ গ্রুপের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে ১ জুলাই সন্ধ্যায় দুই পক্ষ সালিশে বসে। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে সাদ্দামের ওপর মজনু ও শহীদ গ্রুপের লোকজন হামলা চালায়। এসময় সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা বাধা দিতে গেলে প্রধান অভিযুক্ত পারভেজ তাকে ও সাদ্দামকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা বাশারকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার পর থেকেই অভিযানে নামে র‌্যাব-২। গত ৩ জুলাই মামলার অন্যতম অভিযুক্ত মো. সুমন ও মো. শহীদকে জামালপুর ও কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে তারা স্বীকার করে যে, পারভেজই বাদশাকে ছুরিকাঘাত করেছিল। সাদ্দাম হোসেনও একই জবানবন্দি দেন। পরবর্তীতে ৪ জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ ও র‌্যাব-১৪ এর একটি যৌথ দল কিশোরগঞ্জে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত পারভেজকে গ্রেফতার করে।

একই অভিযানে র‌্যাব-২-এর অপর একটি দল কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. মহরমকে (৩০) গ্রেফতার করেছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত পারভেজের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মারপিট ও চুরিসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। এছাড়া শীর্ষ সন্ত্রাসী মহরমের বিরুদ্ধে তেজগাঁও ও হাতিরঝিল থানায় মাদক, ডাকাতি ও দস্যুতা সংক্রান্ত অন্তত ৮টি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Related Articles

Back to top button