নারী-শিশু নির্যাতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ‘জাতীয় নারী শক্তি’র মানববন্ধন


দেশে আশঙ্কাজনক হারে ছিনতাই, চাঁদাবাজি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘জাতীয় নারী শক্তি’। সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনের নেত্রীরা বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেন। বক্তারা বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নারী ও শিশু নির্যাতনের ঘটনা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তরুণ সমাজ মাদক ও ছিনতাইয়ে জড়িয়ে পড়লেও তা দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এছাড়া নিত্যপ্রয়োজনীয় সেবা যেমন গ্যাস ও বিদ্যুতের সংকটে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে তারা দাবি করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে কর্মসূচিতে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মন্তব্যের মাধ্যমে মন্ত্রী দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠের চশমা খুলে রাজপথে এসে জনগণের জানমালের প্রকৃত পরিস্থিতি প্রত্যক্ষ করার আহ্বান জানান তারা। দ্রুত সময়ের মধ্যে জননিরাপত্তা নিশ্চিত করা না হলে দেশজুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরিন ইরা, এনসিপির কেন্দ্রীয় সদস্য দিলারা খানমসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেত্রীরা উপস্থিত ছিলেন।




