‘ধূমালীবাড়ী আবির ফাউন্ডেশন’ নামে সেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ, ৯ সদস্যের কমিটি গঠন

জাহিদ হাসান, ঢাকা: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধূমালীবাড়ী এলাকার ঢাকাস্থ ধূমালীবাড়ীর উদ্যোগে প্রস্তাবিত ফাউন্ডেশনের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম ‘ধূমালীবাড়ী আবির ফাউন্ডেশন’ চূড়ান্ত করার পাশাপাশি ৯ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের রুফটপ ক্যাফেতে এ সভার আয়োজন করা হয়। ডঃ আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকাস্থ ধূমালীবাড়ীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ফাউন্ডেশনের মূল লক্ষ্য, উদ্দেশ্য, পরিচালনা কাঠামো ও কার্যক্রম পরিচালনার নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে তা অনুমোদন করা হয়। একই সঙ্গে সর্বসম্মতিক্রমে ডঃ আমানুল্লাহ আমানকে সভাপতি এবং রাশেদ করিমকে সেক্রেটারি (সাধারণ সম্পাদক) নির্বাচিত করে ৯ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
“ধূমালীবাড়ী আবির ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠান। সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদান এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনাই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।” — ড. আমানুল্লাহ আমান, নবনির্বাচিত সভাপতি
আলোচনা সভা শেষে নবগঠিত ফাউন্ডেশনের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সদস্যরা সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।




