টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা, যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন

চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মোরশেদ আলম (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় তার দুই পা এবং এক হাতের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।


বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দোহাজারী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোরশেদ আলম সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোরশেদ আলম তার পরিবারের সদস্যদের সঙ্গে রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও বানাতে ব্যস্ত ছিলেন। ওই সময় একটি পিডিবির শান্টিং ট্রেন পেছন দিক থেকে পুশিং পদ্ধতিতে সামনে এগিয়ে আসছিল। ট্রেনের ইঞ্জিন পেছনে থাকায় চালক বারবার সাইরেন ও হর্ন বাজিয়ে সতর্ক করছিলেন। কিন্তু ভিডিও ধারণে মশগুল থাকায় মোরশেদ ও তার সাথে থাকা কেউ সতর্কবার্তায় খেয়াল করেননি। ট্রেনটি একদম কাছে চলে আসলেও লাইন থেকে না সরায় তিনি ট্রেনের নিচে কাটা পড়েন।

দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের চালক বারবার হর্ন বাজিয়ে সতর্ক করলেও তারা লাইন থেকে সরে যাননি।

দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান (মারুফ) তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

Related Articles

Back to top button