গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার


শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় তাকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ কামরুজ্জামান।
জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, যার পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।
এর আগে আজ সকালে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সাংবাদিকদের জানান, গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে দায়ের করা ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি আত্মসমর্পণ করবেন।
আদালত থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, “শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযুক্ত হয়ে আজ আদালতে এসেছি—যে মামলায় ২০২৫ সালে আমি গ্রেপ্তার হয়েছিলাম। তবে আজকে একটি বিশেষ কারণে কথা বলছি; সকালে আমাকে জানানো হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের ঘটনার মামলায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।”
তিনি আরও যোগ করেন, “আজকে আদালতে না এলে অনেকেই ভাবতে পারেন আমি আত্মগোপনে চলে গেছি। আমি সাধারণত আত্মগোপন করি না, সব সময় প্রকাশ্যেই থাকতে চাই। সে জন্যই আজ আসা। এখন পুলিশ যদি গ্রেপ্তার না করে, তবে আগামী রোববার বা সোমবার নিজে থেকেই ট্রাইব্যুনালে গিয়ে সমর্পণ করব। পরোয়ানা যখন হয়েছে, আমাকে তো যেতেই হবে। তবে এর মধ্যে পুলিশ ধরে নিয়ে গেলে ভিন্ন কথা। এবার আমি আগের মতো অপ্রস্তুত নই; গাড়িতে ব্যাগ, পোশাক এবং লেখালেখির জন্য খাতা-কলম গুছিয়েই এসেছি।”




